ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় তেহরানকে দায়ী করে কড়া সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।
বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে এবং ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর অভিযান শুরু হয়।
সেন্টকমের দাবি, ইরানের ধারাবাহিক ও ‘অযৌক্তিক আগ্রাসনের’ জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। তারা একে ‘আত্মরক্ষামূলক ও আনুপাতিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।
তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও সামরিক নজরদারি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করেছে। তিনি জানান, হেলিকপ্টারের দুই আরোহী নিরাপদে উদ্ধার হলেও এই ঘটনার জবাব দেওয়া হবে।
নতুন এই হামলার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পেতে পারে।
ইরানের সংবাদমাধ্যমের খবর, বন্দরনগরী বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণ ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কর্তৃপক্ষ।
এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।