বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ মৌসুমি বন্যা এবং পাহাড়ি ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার এই সংহতি প্রকাশ করেন।

পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।