গাজীপুর মহানগরের পূবাইল থানার চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে মোটরসাইকেল ও একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে সাফোয়ান হোসেন (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে জুয়েল রানা (৩৬) তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং দুই বছর ছয় মাস বয়সী ছেলে সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাজীপুর মহানগরের পূবাইল থানার চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে শিশু সাফোয়ান হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে তার বাবা জুয়েল রানা ও মা সুরাইয়া আক্তার রুপা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দম্পতিকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত বাবা-মা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে আহত বাবা-মায়ের পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।