গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া এলাকায় শনিবার (১১ জুলাই) ভোরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত আমির হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল কামারপাড়া এলাকায় মসজিদের কাছে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুরগামী একটি পিকআপ পেছন দিক থেকে এসে ওই বাসটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের ভেতরে থাকা চালক আমির হোসেন নিহত হন। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপের ভেতর থেকে নিহত চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সেই সঙ্গে বাস ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।