রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকায় থাকতেন। নিহত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। বেলা দেড়টার দিকে হঠাৎ কলেজের দেয়াল ধসে পড়ে। এতে টিসিবির লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কারও মুখ, কারও পা থেঁতলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কলেজের সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয়। আরেক প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এদের মধ্যে পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই।

ডিএমপির মিরপুর বিভাগের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরোনো সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা দুজন নিহত হয়েছেন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।