টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা এবং বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত নিবার্চিত ভিপি, জিএস, এজিএস, উপজেলা ও কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারন-সম্পাদকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারন-সম্পাদকদের পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা দেয়া হয়। সকাল থেকে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সরব উপস্থিতিতে সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পূরো অনুষ্ঠানটি পরিনত হয় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলনমেলায়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় বর্নিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভনিং বডির সভাপতি মনোয়রা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি।

এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভিপি শরিফ উদ্দিন আরজু, ভিপি আহম্মদ আলী রানাসহ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী জিলিক।