গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত আল-হেরা হাসপাতাল আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে পরিচিতি লাভ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, "নামে নয়, সেবাই আমাদের পরিচয়"-এই নীতিকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশেষ করে গরিব, অসহায় ও নিম্ন আয়ের রোগীদের জন্য চিকিৎসা ব্যয়ে বিশেষ ছাড় এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতালটির সহযোগী প্রতিষ্ঠান আহনাফ ফাউন্ডেশন নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনটি বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. মো. আবুল হোসাইন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী, রোগীর স্বজন, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ ওয়াকফ করেছেন।

এছাড়া হাসপাতালের নিজস্ব ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশে রোগী ও তাদের স্বজনরা স্বল্প খরচে খাবার গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তুলনামূলক স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা প্রদান এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টার কারণে আল-হেরা হাসপাতাল ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।