গাজীপুরের শ্রীপুরে বৈধভাবে ক্রয়কৃত কৃষিজমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অপচেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রবাসী পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জমির পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফারজানা আক্তার খান। তিনি জানান, তাঁর স্বামী শরিফ হোসেন খান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। প্রায় ১৮ বছর আগে তিনি শ্রীপুর মৌজায় ১৭ শতাংশ কৃষিজমি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে জমিটির নামজারি (খারিজ), ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধসহ প্রয়োজনীয় সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি পক্ষ কোনো আইনগত অধিকার ছাড়াই তাদের কৃষিজমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছে। একই সঙ্গে রাতের আঁধারে জমিতে মাটি ফেলে ভরাটেরও চেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণা চালিয়ে প্রবাসী পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফারজানা আক্তার খান বলেন, জমি-সংক্রান্ত সব কাগজপত্র বৈধ ও আইনসম্মত। যদি কোনো ব্যক্তি বা পক্ষের এ জমি নিয়ে দাবি বা আপত্তি থাকে, তবে তা দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। জোরপূর্বক জমি দখল, রাস্তা নির্মাণের চেষ্টা, অপপ্রচার কিংবা হয়রানিমূলক কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, একটি প্রবাসী পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারের কারণে তারা চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ অবস্থায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।