বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬ নকলমুক্ত, স্বচ্ছ, সুশৃঙ্খল ও পরীক্ষার্থীবান্ধব পরিবেশে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, যে কোনো মূল্যে এইচএসসি পরীক্ষা-২০২৬ নকলমুক্ত, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন তিনি।
উপাচার্য পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে ছবিযুক্ত ডিজিটাল প্রবেশপত্র বাধ্যতামূলক ব্যবহার এবং কিউআর (কুইক রেসপন্স) কোডভিত্তিক পরিচয় যাচাই ব্যবস্থা চালুর নির্দেশ দেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরীক্ষা শেষে হাজিরা শিট ও উত্তরপত্র যাচাই, নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন, গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম গঠন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মাইবাউ অ্যাপ’ (MyBOU App) শিগগিরই চালু করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম দ্রুত চূড়ান্ত হলে দীর্ঘদিনের জনবল ও প্রশাসনিক সংকট নিরসন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ওপেন স্কুলের ডিন, এইচএসসি পরীক্ষা-২০২৬ কমিটির সভাপতি, এসএসএস বিভাগের পরিচালক, আইসিটি উপদেষ্টা এবং দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ পরীক্ষার সর্বোচ্চ গোপনীয়তা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।