সাইবার অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে দেশের সকল অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত সাইবার সিকিউরিটি বিষয়ক এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি কলেজের সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধনও করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে আয়োজিত "Staying Safe Online: Protect Yourself from Cybercrimes" শীর্ষক সেমিনারে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের অপরিহার্য দাবি।
তিনি বলেন, একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন নাগরিকরা নিরাপদ, দায়িত্বশীল ও নৈতিকভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সাইবার নৈতিকতা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অধিকাংশ মানুষ অসচেতনতার কারণেই সাইবার অপরাধের শিকার হন।
ভিসি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সাইবার সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা, অচেনা লিংক বা বার্তা এড়িয়ে চলা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, একটি সচেতন তরুণ প্রজন্মই নিরাপদ ও সাইবার অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। সাইবার নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম পিপিএম। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।
সেমিনারটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।