জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে যোগদান করেন। এ সময় ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার হিসেবে অনুমোদন লাভ করেন, যা দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। মানসম্মত শিক্ষা, শিক্ষক পেশাদারিত্ব উন্নয়ন এবং শিক্ষা গবেষণায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি জাতীয় কারিকুলাম সমন্বয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া কানাডার আইডিআরসি এবং জিপিই কিক্সের অর্থায়নে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে পরিচালিত ‘জেন্ডার অ্যান্ড ইনক্লুসিভ পেডাগোজি’ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, জাইকা, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষাক্রম উন্নয়ন ও আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়নেও তিনি পরামর্শক হিসেবে কাজ করেছেন। তাঁর যোগদানের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।