দেশের প্রতিটি জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর সঙ্গীত কলেজে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে শিক্ষা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনার ওপর। তাই দক্ষতাভিত্তিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভিসি বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল, নৈতিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দীর্ঘদিনের নানা প্রতিবন্ধকতা ও সংকট কাটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ঘুরে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা, ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের বিকল্প নেই। বিদেশগামী কর্মীদের আরবি, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় দক্ষ করে তুলতে পারলে কর্মসংস্থান ও রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়বে।

অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে একটি বনজ ও একটি ফলজ গাছের চারা রোপণ করেন ভিসি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নওশের ওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, ভিসি দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো. হাছান মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।