জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে ঘাটতি থাকবে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকার ঘাটতি অনুমোদন করা হয়।

বাজেট বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম বলেন, দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। অথচ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের পুরো অর্থই নিজস্ব আয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি রাজস্ব অনুদান প্রদানের আহ্বান জানান।

এবারের বাজেটে পরীক্ষা পরিচালনা খাতে সর্বোচ্চ ৩৫২ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা, বেতন-ভাতা ও সুবিধাদি খাতে ১৬৫ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৯৪ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা এবং সাধারণ আনুষঙ্গিক খাতে ৯৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। উপস্থিত ছিলেন সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ৭০ জন সিনেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা।