জাতীয় স্বাস্থ্যব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার হেল্থ বিটের সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে কাঁটাবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি ডা. নূর উদ্দিন তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ডা. মারুফ শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি ডা. কামার উদ্দীন মুযাক্কির, মিডিয়া ও প্রচার সম্পাদক ডা রাইয়ান হাসার এবং মিডিয়া ও প্রচার বিভাগের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
মতবিনিময় সভায় স্বাস্থ্যখাতের সমসাময়িক চ্যালেঞ্জ, জনস্বার্থে দায়িত্বশীল স্বাস্থ্য সাংবাদিকতার গুরুত্ব এবং চিকিৎসক ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২০ জনেরও বেশি স্বাস্থ্য সাংবাদিক অংশগ্রহণ করেন।