ডিজিটাল যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ফেসবুক পেজ 'প্রান্তিক কণ্ঠস্বর'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা গুণগতভাবে সম্পূর্ণ পাল্টে গেছে। এখন যুদ্ধ, প্রতিরক্ষা ও নিরাপত্তা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থায় তথ্য ব্যবস্থাপনাও এর একটি অবিচ্ছেদ্য অংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা উল্লেখ করে তিনি জানান, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে দেশের বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।
আনসার বাহিনীর তৈরি 'প্রান্তিক কণ্ঠস্বর' ডিজিটাল প্ল্যাটফর্মটি গুজব ও অপতথ্য প্রতিরোধ করে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা করেন। আনসার বাহিনীকে প্রচলিত চিন্তাভাবনার বাইরে এনে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন, প্রযুক্তির এই গতিশীল যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত আপডেট না থাকলে দ্রুত অচল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের তথ্য ব্যবস্থাপনায় একটি মহাপরিকল্পনা রয়েছে যার একটি অংশ হবে এই প্ল্যাটফর্ম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ।