রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সদস্যদের (রুকন) নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। জুমআ বার নগরীর একটি কনফারেন্স হলে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করতে হবে।”
বিশেষ অতিথিদ্বয় বলেন, “সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।