রাজবাড়ী জেলার কালুখালীতে জামায়াত কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে নিহত আসাদুল ইসলামের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফিরোজ আহমেদ, নিহত আসাদুলের চাচা আব্দুস সালাম, নিহত আসাদুলের বাবা শাহজাহান মন্ডল, মদাপুরের বাসিন্দা আব্দুল গফুর, মোঃ সাইফুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুল ইসলামকে পরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসাদুল নিখোঁজ হবার পর রাতে থানায় জিডি করতে গেলেও থানা থেকে জিডি নেওয়া হয়নি। পরের দিন সকালে পাটক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও অদৃশ্য কারণে পুলিশ আর কোন আসামীকে গ্রেপ্তার করেনি। পুলিশ মামলাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ও মামলা হালকা করার জন্য ৬৮ হাজার টাকা ধারের একটি মিথ্যা বিষয় মিডিয়াতে প্রচার করে। পুলিশ মিডিয়াতে প্রচার করেছে ধারের ৬৮ হাজার টাকা না পেয়ে আসাদুলকে হত্যা করা হয়েছে।অথচ আসাদুল কারোর কাছ থেকে ধার করে কোন টাকা নেয়নি। আসাদুল হত্যা মামলায় গ্রেপ্তার মিজান আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে মুক্তিপনের টাকা না পেয়ে তারা মিজানকে হত্যা করেছে। গ্রেফতারকৃত প্রধান আসামী মিজানুর রহমান এর পিতা কাউসার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অনেকেই মনে করেন বলে বক্তারা প্রকাশ করেন, অথচ তাকে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
বক্তারা বলেন, আসাদুল কে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত মিজান ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং আসাদুলের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামীর নের্তবৃন্দ, নিহত আসাদুল ইসলামের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।