"গাছ লাগিয়ে ভরবো দেশ, লাল সবুজের বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়নের অঙ্গীকার নিয়ে জেলাজুড়ে এই উৎসবমুখর বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শোভাবর্ধন ও আলোচনায় অংশ নেন, জেলা পরিষদের প্রশাসক মো: সিরাজুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: আব্দুর রউফ, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক মো: শরিফুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, "গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা যে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্রহণ করি, তার বিনিময়ে গাছ আমাদের ছেড়ে দেওয়া ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশকে নির্মল রাখে। বাংলাদেশের জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বনায়ন ও জনসচেতনতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, "বাংলাদেশের চিরচেনা সবুজ রূপ এবং ষড়ঋতুর ঐতিহ্যকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তবে আমাদের বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, নির্বিচারে গাছ নিধন বন্ধ করতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র জনসচেতনতা গড়ে তুলতে হবে।"
উদ্বোধনের পর অতিথিবৃন্দ বর্ণাঢ্য র্যালি করেন ও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশি-বিদেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের এক বিশাল সমারোহ ঘটেছে। উদ্বোধনী দিনেই পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলাটি আগামী এক মাস সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।