রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের আমন্ত্রণে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ‘লে মেরিডিয়ান ঢাকা’র স্কাই বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিনিধিদলের বাকি দুই সদস্য হলেন- আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।

অনুষ্ঠানের এক পর্যায়ে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট মি. ভ্লাদিমির পুতিনের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্সের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সৌজন্য সাক্ষাতে রাশিয়ার সরকার ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।