দাদুর পুতুল

দাদুর পুতুল জাদুর পুতুল

পুতুল নাচে পুতুল নাচে

পুতুলটারে কে নাচায়?

দাদুর হাতে সুতার গুটি

আড়াল থেকে সে নাচায়।

আগে থেকেই দাদুর মনের

ভাবনাগুলো আঁচ করে

সুতা টানার আগেই পুতুল

নানান ঢঙে নাচ করে।

এমন দেখে দাদু নিজেই

নাচ দেখিতে বসে যায়

দাদু খুশি, পুতুল খুশি-

মঞ্চ জুড়ে চষে যায়।

দাদুর পুতুল জাদুর পুতুল

চোখ ফিরিয়ে নেয়া দায়

নেচে গেয়ে নাটক করে

উজির রাজা পেয়াদায়।

পিকনিক

ঘাসবনে গেল শেষে

নিরা মিরা পিকনিকে

সাথে নিল চিকনিকে

ডাল, ডিমে খিচুড়িটা

রাঁধে বাড়ে চিকনিরা

ফোনে তোলে পিক নিরা।

গাছে ঝুলে বানরে

শুনায় যে গান ওরে,

হাত দুটো ধুয়ে জলে

শিয়ালটা এসে বলে

লবণটা চেখে দেখি

খিচুড়িটা আন ওরে।

এই তো জীবন

অন্নহারা ছন্নছাড়া বসত করি বস্তিতে

এই তো জীবন যাচ্ছে কেটে মশার সাথে দোস্তিতে

নামটি আমার দুখাই

দিন পাড়ি দিই ভুখাই

এই প্রকৃতির শীতাতপে ঘুমাই পথে স্বস্তিতে।

স্বপ্ন

তোমরা যারা ছোট্ট মানিক

সাত রাজারই ধন

গড়তে জীবন শিখছো পড়া

করছো হাজার পণ।

স্বপ্ন ছবি আঁকছো বুকে

কী অপরুপ মিল

ইচ্ছে যেন রঙিন ঘুড়ি

দূর গগনের চিল।

আজকে কুঁড়ি তোমরা সবাই

ফুল যে হবে কাল

অমর জ্ঞানের মশাল জেলে

ধরবে জাতির হাল।

কাটবে আঁধার নতুন ভোরে

ফুটবে আলো ঠিক

ফিরবে আবার আলোর পথে

পথহারা পথিক।

যাচ্ছি হেঁটে

যাচ্ছি হেঁটে ভাবছি কী সব পাচ্ছি বিকট গন্ধ নাকে

এইখানেতে বাস করা দায়, বন্ধ মুখে, বন্ধ নাকে

উঁচু উঁচু টাওয়ারে

নেই নির্মল হাওয়ারে

শহর যেন বেছেই নিলো ময়লা, ভাগার বন্দনাকে।