দাদুর ডায়াবেটিস
আবুল হোসেন আজাদ
দাদুর আমার ডায়াবেটিস
মিষ্টি মিঠাই খান না,
সা রে গা মা গলা সেধে
আধুনিক গান গান না।
খান করলা ডাব পেয়ারা
আপেল শশা করমচা,
সকাল বিকাল নিয়ম করে
খান কেবলই গরম চা।
মর্নিংওয়াক করেন রোজই
লাঠি হাতে ঠক ঠক,
চলতে পথে নিজের মনে
করতে থাকেন বক বক।
দাদুর বারণ আম আনারস
কাঁঠাল কলা লিচুতে,
তাই ভুলেও দেন না যে মুখ
ও গুলোকে কিছুতে।
আমার শুধু ইচ্ছে করে
কামরুজ্জামান দিশারি
বৃষ্টি এলেই ইচ্ছে করে
গা ভেজাতে জলে,
ভেজাসনে গা জ্বর আসবে
যদিও মা বলে!
আমার শুধু ইচ্ছে করে
খোলা মাঠে যাওয়ার,
পড়াশুনার পাঠ চুকিয়ে
পরশ নিতে হাওয়ার।
আমার শুধু ইচ্ছে করে
জলে ভেজাই পা’টা,
সাগর-নদীর বালুচরে
সজোরে দেই হাঁটা।
আমার শুধু ইচ্ছে করে
মেঘের দেশে উড়ি,
দূর আকাশে ঘুরে বেড়াই
হয়ে রঙিন ঘুড়ি।
আমার শুধু ইচ্ছে করে
প্রজাপতির সনে,
খেলা করে, যাই হারিয়ে
জোনাক পোকার বনে।
মায়ের নিষেধ, চোখ রাঙানি
তুচ্ছ মনে করে,
ইচ্ছে করে ঘুরে বেড়াই
চুপ না থেকে ঘরে।
বড় ভালোবাসি
শামীম শাহাবুদ্দীন
আম জাম কাঁঠালের
মন কাড়া ঘ্রাণে
ঘরে ঘরে উৎসব
প্রতি প্রাণে প্রাণে।
গাছে গাছে পাখিদের
সুললিত সুর
রাখালের বাঁশি বাজে
মিষ্টি মধুর।
বাড়ি বাড়ি মানুষের
মুখে মুখে হাসি
আমার সোনার দেশ
বড় ভালোবাসি।