ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি অসংখ্যবার মুখোমুখি হলেও বিশ্বকাপের মঞ্চে তাদের দ্বৈরথ এখনো অধরা। তবে এবার সেই অসম্ভবকে সম্ভব করার সুযোগ এসেছে। যদি ভাগ্যের সমীকরণ মিলে যায়, তাহলে ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ থাকবে রোনালদো-মেসির মহারণের দিকে, যা হতে পারে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তিনটি। যদি একটি মিলে যায় তাহলেই মেসি বনাম রোনালদোর বিশ্বকাপের ম্যাচ। ২০২৩ সালের অক্টোবরের পর দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি। দুইটি ভিন্ন দেশে, দুই ধাচের ক্লাবে খেলায় তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে গেছে। এবারের বিশ্বকাপই হতে পারে ভরসা। তিনটি সম্ভাবনা আছে খেলার।
প্রথম: যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) এবং পর্তুগাল (গ্রুপ কে) নিজেদের গ্রুপে জেতে তা হলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-এর ম্যাচ জেতে, তা হলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের।
দ্বিতীয়: যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দেশই গ্রুপে রানার্স-আপ হয়, তা হলে প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরও আগেই দেখা হতে পারে মেসি-রোনালদোর। রাউন্ড অফ ১৬-এই দেখা হবে দুই দেশের।
তৃতীয়: যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে কোনও একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপে রানার্স-আপ হয়, তা হলে দুই দেশ দুই অর্ধে চলে যাবে। সে ক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি-রোনালদো দেখা হবে না।